নাসির–তামিমার বিরুদ্ধে করা মামলার রায় ১০ জুন
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১০ জুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ তারিখ নির্ধারণ করা হয়।
মামলাটিতে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান সর্বোচ্চ শাস্তির আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা জানান। শুনানির সময় উভয় পক্ষের আইনজীবীই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির অভিযোগে নাসির ও তামিমার বিরুদ্ধে এই মামলা করা হয়। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন।
অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে রাকিব হাসান ও তামিমা সুলতানার বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে। পরে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।
মামলায় আরও বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থায় তামিমার দ্বিতীয় বিয়ে এবং নাসিরের ভূমিকার কারণে বাদী ও তার পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সামাজিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।
এর আগে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে। আদালত ১০ জুন রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে