Views Bangladesh Logo

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ১৪ জুলাই

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ছাত্রাবাসে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় আগামী ১৪ জুলাই ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (৮ জুলাই) দেশব্যাপী আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায়ের তারিখ ধার্য করেন।

মামলার আসামিরা হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল হাসান ও মাহফুজুর রহমান। বর্তমানে কারাগারে বন্দি এই আসামিরা সবাই তৎকালীন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীর স্বামীকে আটকে রেখে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের (এমএমপি) শাহপরান থানায় মামলা করেন।
ঘটনাটি সে সময় সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। গোয়েন্দা তৎপরতায় তিন দিনের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করে পুলিশ ও র‍্যাব। পরবর্তীতে আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ডিএনএ পরীক্ষায় ছয় আসামির গণধর্ষণে সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয়।

২০২১ সালের ডিসেম্বরে মামলায় অভিযোগপত্র দাখিল করা হলেও দীর্ঘদিন আইনি জটিলতায় বিচারকাজ থমকে ছিল। পরে ২০২৫ সালের মে মাসে জনস্বার্থে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে দ্রুততম বিচারের জন্য সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি আবুল হোসেন জানান, বিচারকালীন ভুক্তভোগী তরুণী, চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ মোট ২৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ