১৩ দিন পর রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
পাহাড়ি ঢলের তোড়ে ধসে পড়া বেইলি সেতুটির পুনর্নির্মাণ কাজ শেষে টানা ১৩ দিন পর ফের চালু হয়েছে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে এই সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ জুলাই পাহাড়ি ঢলের তীব্র স্রোত দুধপুকুরিয়া এলাকার একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে সেতুটিতে সজোরে আঘাত হানে। এতে বেইলি সেতুটির একাংশ ধসে পড়ে এবং সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে নিরাপত্তার স্বার্থে ওই দিন থেকেই রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন। সওজ-এর প্রকৌশলীরা নিরলস কাজ করে নির্ধারিত সময়ের মধ্যেই সেতুটি চলাচলের উপযোগী করে তোলেন।
এ বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সওজের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, সেতুর ভেঙে যাওয়া অংশের পুনর্নির্মাণ কাজ ২৩ জুলাই বৃহস্পতিবার রাতেই শেষ হয়। পরদিন ২৪ জুলাই (শুক্রবার) পরীক্ষামূলকভাবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক ও সেতু পুনর্নির্মাণে প্রকৌশলীরা দিন-রাত কাজ করেছেন। কাজ শেষ হওয়ায় এখন সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে।
দীর্ঘদিন পর এই রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায় সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে সড়ক চালু হলেও শুরুর দিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমিত আকারে যানবাহন চলাচল করতে পারে বলে জানিয়েছেন বান্দরবান জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম।
মতামত দিন