Views Bangladesh Logo

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৬ হাজারের বেশি যানবাহন পারাপার, টোল আদায় তিন কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৬০ টাকা।

সেতুর টোল প্লাজা সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬ হাজার যানবাহন যমুনা সেতু ব্যবহার করে। তবে বিশেষ পরিস্থিতি বা উৎসবের সময় এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী তৎপরতার কারণেই এবার যান চলাচল বেড়েছে।

তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা থেকে পূর্ব প্রান্ত দিয়ে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন উত্তরবঙ্গের দিকে গেছে। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা। একই সময়ে পশ্চিম প্রান্ত দিয়ে ২২ হাজার ৩৪টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও সেতুতে যানবাহনের চাপ বেড়েছিল। গত বছরের জুনে পাঁচ দিনে ২ লাখ ২৮ হাজার ৪৭টি যানবাহন পারাপার করে এবং টোল আদায় হয় ১৬ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৫৫০ টাকা। ঈদের আগের দিন একদিনেই ৪৮ হাজার ১৮৪টি যানবাহন পারাপার হয়েছিল, যা ছিল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। ওই দিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ