Views Bangladesh Logo

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল

জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সুযোগ আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে এসব কাগজপত্র নবায়ন করা যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। সরকার জানিয়েছে, এটাই এ সুবিধার শেষ সময় বৃদ্ধি।

রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির ভিত্তিতে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়ানো হয়েছে। এর আওতায় সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়া নবায়ন করা যাবে।

অর্থাৎ যেসব যানবাহনের এসব কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে বা হালনাগাদ করা হয়নি, সেগুলোর মালিকরা অতিরিক্ত জরিমানা ছাড়াই শুধু প্রযোজ্য মূল কর ও ফি পরিশোধ করে নির্ধারিত সেবা নিতে পারবেন। এ সুবিধা নিতে আগামী ২৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ধিত সময়সীমা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে গাড়ির কাগজপত্র নবায়ন করতে না পারা মালিকরা আরও একবার জরিমানা ছাড়াই তা হালনাগাদের সুযোগ পেলেন। তবে প্রজ্ঞাপনে এটিকে শেষবারের মতো সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ