যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে গাড়ি বিস্ফোরণে নিহত ২
মার্কিন-কানাডা সীমান্ত সেতুর পাশের চেক পয়েন্টে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (২২ নভেম্বর) নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্রের পাশে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িটিতে থাকা দুজন নিহত হয়েছেন। এর জের ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে ৪টি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
আইন প্রয়োগকারী কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেছেন, নায়াগ্রা নদীর পেরিয়ে যাওয়া রেইনবো ব্রিজের যুক্তরাষ্ট্রের পাশে বিস্ফোরণে গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত দুজনের পরিচয় উল্লেখ করা হয়নি। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এপি জানায়, বিস্ফোরণের ফলে পশ্চিম নিউইয়র্ক ও অন্টারিওর মধ্যে আরও তিনটি সেতু সতর্কতা হিসেবে দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে। বাফেলো-নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দরে সব গাড়ির নিরাপত্তা পরীক্ষা শুরু হয়। এ ছাড়াও যাত্রীদের অতিরিক্ত স্ক্রিনিং করা হয়।
ইউএস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ফিল্ড অফিস বলছে, সমস্ত আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এক্সের একটি পোস্টে পরিস্থিতিটিকে ‘তরল’ হিসেবে বর্ণনা করেছে এফবিআই।
এদিকে বিস্ফোরণের বিষয়টি কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোকে জানিয়েছে দেশটির প্রসিডেন্টের কার্যালয়। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে কানাডা। তদন্তে কানাডার গোয়েন্দা সংস্থাগুলোও সহায়তা করছে।
পার্লামেন্টে জাস্টিন ট্রুডো বলেছেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুতর। আমরা এটি অসাধারণ গুরুত্ব সহকারে নিচ্ছি।’
স্থানীয় সরকারি কর্মকর্তা রন রিনাস সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন, বিস্ফোরণের পর নায়াগ্রা নদীর ওপরে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী ৪টি সেতুই বন্ধ করে দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে