Views Bangladesh Logo

ভুয়া সন্দেহে ভ্যাট পরিদর্শককে পিটিয়ে খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া সন্দেহে ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গারামপুরে এ ঘটনা ঘটে। এ সময় সবুজ মিয়া নামে একজন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দুর্গারামপুরে ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে’ যান ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান।

সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করায় হাবিবুর রহমান ভ্যাট পরিদর্শককে ভুয়া বলে সন্দেহ করেন এবং স্থানীয় লোক জড়ো করেন। পরে তার মোবাইল ছিনিয়ে নেন এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

পরে লোকজন নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় মো. সবুজ মিয়া নামে একজন এগিয়ে এসে বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

ভ্যাট পরিদর্শককে হাসপাতালে নেওয় হয়েছে বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন। তিনি বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ