লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে ভাঙচুর, যুবককে খুঁটিতে বাঁধলেন কর্মীরা
তীব্র লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে খুলনার কয়রা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় অফিসের জানালার কাচ ভেঙে যায় বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করে পরে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার পর অফিসের কর্মীরা ওই যুবককে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়রায় গত কয়েকদিন ধরে তীব্র লোডশেডিং চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, এরপরও ঘন ঘন বিদ্যুৎ আসা–যাওয়া করছে।
এতে জনজীবনে চরম দুর্ভোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত যুবকের মানসিক সমস্যা রয়েছে। পরিবারের প্রধানকে ডেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, কয়রায় দৈনিক চাহিদা প্রায় ১০ মেগাওয়াট হলেও সাতক্ষীরা গ্রিড থেকে ৬ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। এ ঘাটতির কারণে এলাকাজুড়ে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
বর্তমানে ৬ নম্বর ফিডারের অধীনে মহেশ্বরীপুর, দক্ষিণ বেদকাশি ও মহারাজপুরসহ আংশিক এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং চলছে বলে জানানো হয়েছে।
মতামত দিন