Views Bangladesh Logo

খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল।

নিহত ৪০ বছর বয়সী সমির ভট্ট দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে।

পুলিশের ভাষ্য, শনিবার রাত ৯টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে মোল্লাডাঙা সড়ক ধরে বারাসাতের দিকে যাচ্ছিলেন সমির। পথে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে রাস্তায় ফেলে রেখে যায়। গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করলেও কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সমির নামের এক ভ্যানচালকের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয় এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

ওসি বলেন, হত্যাকাণ্ডস্থলের কিছু দূর থেকে নিহতের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। হত্যা করে দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ