Views Bangladesh Logo

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।

এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। তিনি জানান, আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি দাপ্তরিক চিঠির বরাত দিয়ে গোলাম মোর্তজা জানান, গত মঙ্গলবার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে এই সিদ্ধান্তের কথা জানায় ইউএসএফ কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এই ডিগ্রি গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অন্য এক বার্তায় গোলাম মোর্তোজা জানান, নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

এরপর স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ০২২০) একটি ফ্লাইটে তার মরদেহ দুবাই হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি (ইকে ০৫৮২) আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

পুরো প্রক্রিয়াটি মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট তদারকি করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস পুরো বিষয়টি সমন্বয় করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ