Views Bangladesh Logo

টেক্সটাইল খাতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, টেক্সটাইল খাতের টেকসই উন্নয়ন ও বৈশ্বিক নেতৃত্ব অর্জনের জন্য গবেষণা, উদ্ভাবন এবং এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক খাত হিসেবে প্রতিষ্ঠিত হলেও সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি অপরিহার্য।

তিনি বলেন, আমরা টেক্সটাইল খাতে বিশ্বনেতৃত্ব অর্জন করতে চাই। এজন্য গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে নতুন ও উদ্ভাবনী চিন্তাকে গুরুত্ব দিতে হবে।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল শিক্ষা সম্প্রসারিত হচ্ছে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিগত অবকাঠামো নিশ্চিত করা প্রয়োজন।

পরিবেশবান্ধব শিল্পায়নের প্রসঙ্গ তুলে তিনি ‘গ্রিন টেক্সটাইল’ এবং বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তার মতে, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোখশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক বাস্টিয়ান কোয়াটেলবাউম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুটেক্সের উপাচার্য মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ।

এর আগে শিক্ষামন্ত্রী দেশের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুটেক্সে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ