Views Bangladesh Logo

যান্ত্রিক ত্রুটির সংকেতে উড্ডয়ন বাতিল করল ইউএস-বাংলার ফ্লাইট

যান্ত্রিক সংকেতে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে টেকঅফ বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

বিমান সংস্থাটির এক মুখপাত্র বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে জানান, আজ ফ্লাইট বিএস৩৬১ উড্ডয়নের সময় উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রের সংকেতে অসামঞ্জস্য ধরা পড়ে। এ সময় দ্রুতগতিতে থাকা উড়োজাহাজটির পাইলটরা নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন বাতিল করেন।

এরপর উড়োজাহাজটি পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

মুখপাত্র জানান, দ্রুতগতিতে উড্ডয়ন বাতিলের সময় ব্রেক প্রয়োগ করায় উড়োজাহাজটির চাকা ও ব্রেক অতিরিক্ত গরম হয়ে যায়। এ কারণে ধোঁয়া দেখা দেয়। তবে এ ঘটনায় কোনো আগুন লাগেনি বলে তিনি নিশ্চিত করেন।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের কর্মীরা উড়োজাহাজটির উত্তপ্ত চাকায় পানি দিয়ে ঠান্ডা করেন।

যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় না রেখে গন্তব্যে পৌঁছে দিতে দ্রুত বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে এয়ারলাইনসটি। ফলে মূল উড়োজাহাজটি পুনরায় চলাচলের উপযোগী হওয়ার অপেক্ষা ছাড়াই যাত্রীরা যাত্রা চালিয়ে যেতে পারবেন।

এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, ত্রুটিপূর্ণ উড়োজাহাজটি আজ রাতের মধ্যেই আবার ফ্লাইট পরিচালনায় ফিরতে পারে। এর পরবর্তী নির্ধারিত ফ্লাইট সৌদি আরবের জেদ্দাগামী।

বিমান চলাচলে অস্বাভাবিক কোনো সংকেত বা সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি শনাক্ত হলে পাইলটদের উড্ডয়ন বাতিল করার প্রক্রিয়াকে ‘রিজেক্টেড টেকঅফ’ বলা হয়। এটি যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত স্বীকৃত একটি পদ্ধতি।

এয়ারলাইনসের মুখপাত্র বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ