Views Bangladesh Logo

ত্রুটিপূর্ণ এসি নিয়েই ৭ ঘণ্টা বিলম্বে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাই ফ্লাইট

ত্রুটিপূর্ণ এসি নিয়েই ৭ ঘণ্টা বিলম্বে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাই ফ্লাইট

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে চেন্নাইগামী একটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাড়ে সাত ঘণ্টা বিলম্বে ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় বিলম্বের কারণে ফ্লাইটের যাত্রীরা, বিশেষ করে যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন তারা চরম ভোগান্তির শিকার হন। এমনকি ফ্লাইটটি উড্ডয়নের পরও শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা ছাড়াই যাত্রীদেরকে পুরো পথ পাড়ি দিতে হয় বলে অভিযোগ উঠেছে।

গত রোববার (১২ জুলাই) ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন ওই ফ্লাইটেরই এক যাত্রী সামিয়া শতাব্দী। তার পোস্ট অনুযায়ী, রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 'বিএস ২০৫' ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে দীর্ঘ বিলম্বের পর শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

যাত্রীরা জানান, প্রথমে বৈরী আবহাওয়ার কারণে বিলম্বের কথা বলা হলেও পরবর্তীতে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়। সামিয়া শতাব্দীর অভিযোগ, উড্ডয়নের আগ পর্যন্ত উড়োজাহাজের এসি বা ভেন্টিলেশন ব্যবস্থা কোনোটিই কাজ করছিল না। পরবর্তীতে চেন্নাই পৌঁছানো পর্যন্ত পুরো পথেই যাত্রীদের এসি ছাড়া প্রচণ্ড গরমের মধ্যে ভ্রমণ করতে হয়। ফ্লাইটটি রাত সাড়ে ৮টার দিকে চেন্নাই পৌঁছায়।

তিনি আরও জানান, ফ্লাইটে থাকা যাত্রীদের বড় একটি অংশই ছিলেন বয়স্ক ব্যক্তি ও শিশু, যারা মূলত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছিলেন। দীর্ঘ সময় এসি ছাড়া থাকায় তারাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। কেবিন ক্রুরা বারবার এসি চালু করার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। পরবর্তীতে ক্রুরা তাকে জানান যে, উড্ডয়নের আগেই তারা এসির এই সমস্যার কথা জানতেন এবং যাত্রী থাকা অবস্থাতেই তা মেরামতের চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত পুরোপুরি মেরামত না করেই ফ্লাইটটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে চেন্নাই থেকে ফেরার পর এটি মেরামত করা যায়।

তবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এসির সমস্যা পুরোপুরি অস্বীকার করেনি। এয়ারলাইন্সের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, উড়োজাহাজের এসি ব্যবস্থা পুরোপুরি অচল ছিল না, তবে এটি তার পূর্ণ ক্ষমতায় কাজ করছিল না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ