এবার ইউএসএইডের ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্ট অন্ধকারে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বেশিরভাগ আমেরিকান বৈদেশিক সহায়তা কর্মসূচি তিনমাসের জন্য স্থগিতের পর এবার অফলাইনে চলে গেছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্ট।
মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ। কিন্তু ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের প্রথম কার্যদিবসেই বৈদেশিক ব্যয় পুনর্নির্মাণে কার্যত সব ধরনের বৈদেশিক সহায়তা বন্ধ করে দিয়েছে ইউএসএআইড।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল থেকে ইউএসএআইডি’র ওয়েবসাইটটি প্রবেশযোগ্য হচ্ছে না। সেখানে ‘সার্ভার আইপি ঠিকানা খুঁজে পাওয়া যায়নি’ বলে বার্তা প্রদর্শন করছে। এর পরই অদৃশ্য হয়ে যায় এক্স অ্যাকাউন্টটিও। ট্রাম্প প্রশাসন ইউএসএআইডিকে স্টেট ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণে রাখার কথা বিবেচনা করছে এমন প্রতিবেদনের পরে বিভ্রাট হয়েছে।
নির্বাচনি প্রচারণায় সময়ই বিদেশে আর্থিক সহায়তা বন্ধের ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ২০ জানুয়ারি তা বন্ধ করে দেন তিনি। তবে এতে ৯০ দিনের বিরতির আদেশ দেন ট্রাম্প, যেন বিদেশি সাহায্যের কর্মসূচিগুলো তার ‘আমেরিকা ফার্স্ট’ বৈদেশিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পর্যালোচনা করা যেতে পারে।
মার্কিন বৈদেশিক সহায়তা স্থগিতের নির্বাহী আদেশে ‘কীভাবে বৈদেশিক তহবিলের সহায়তার অর্থ বরাদ্দ করা হয়, তার বিস্তৃত পর্যালোচনার প্রয়োজন’ বলেও উল্লেখ করেন করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আদেশে আরও বলা হয়েছে, ‘করদাতাদের কর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের কর্মসূচিগুলোতে প্রবাহিত হয়, যা আমেরিকান স্বার্থ সংরক্ষণ করে না এবং অনেক ক্ষেত্রে সক্রিয়ভাবে এর বিরুদ্ধে কাজ করে। হোয়াইট হাউস ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসাবে এই পদক্ষেপটি প্রণয়ন করেছে, যার উদ্দেশ্য অযথা ব্যয় কমানো এবং সংস্থাগুলোকে দেশি অগ্রাধিকারের দিকে পুনর্নির্দেশ করা।
এরপর ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সাথে সঙ্গতি রেখে ওয়াশিংটন কীভাবে বিশ্বজুড়ে সহায়তা বরাদ্দ করতে পারে, সে বিষয়ে ২৫ জানুয়ারি ইউএসএইড কর্মীদের অনুরোধ করে প্রশাসন। একইসঙ্গে ট্রাম্পের আদেশ উপেক্ষা করলে যেকোনো কর্মীর বিরুদ্ধে ‘শৃঙ্খলামূলক ব্যবস্থা’ নেয়ার হুমকিও দেয়া হয়।
২৮ জানুয়ারি ইউএসএইডের প্রায় ৬০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়ে দেয় ট্রাম্পের প্রশাসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে