বাংলাদেশের নির্বাচনের ফলাফল অনুমান করতে চাই না: মিলার
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ফলাফল আগাম অনুমান করে মন্তব্য করতে চান না। বরং সব অংশীজন যেন সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করে সেদিকেই মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৪ ডিসেম্বর) সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন মিলার। সেখানে বাংলাদেশের বর্তমান ‘রাজনৈতিক সহিংসতা’ ও ‘সুষ্ঠু নির্বাচনকেন্দ্রিক আশঙ্কা’ নিয়ে কথা বলেন উপস্থিত সাংবাদিকরা।
ম্যাথিউ মিলারের উদ্দেশে বলা হয়, ২০ হাজারের বেশি বিরোধীদলীয় নেতাকর্মীকে আটক করে সরকার নজিরবিহীনভাবে নির্বাচন করছে। ‘ছয় দিনে তিন বিরোধী কর্মী মারা গেছেন’ উল্লেখ করে বলা হয়, নেতাকর্মীদের অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে ও তাদের হেফাজতে মৃত্যু বাড়ছে।
আরও বলা হয়, কিংস পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়ে জয় নিশ্চিত করছে ক্ষমতাসীনরা। প্রধান বিরোধী দল বিএনপিসহ সব প্রধান রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশের সম্ভাবনাকে কীভাবে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র?
এ প্রশ্নের উত্তরে ম্যাথিউ মিলার বলেন, আমি নির্বাচনের ফলাফল অনুমান করতে যাচ্ছি না। আমি যা বলব, আগেও বহুবার বলেছি। আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বাংলাদেশি জনগণের স্বার্থে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুক্ত থাকব। তাদের একত্রে কাজ করার আহ্বান জানাব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে