ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক বোমা হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে ইয়েমেনে হুথিদের ব্যবহৃত কয়েকটি স্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনারা এ হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যম এপির খবরে জানানো হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের ১৬টি জায়গায় হুথি বিদ্রোহীদের ৬০টি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে দুই দেশের সেনারা। হামলা চলাকালীন যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে তোমাহোক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ছাড়াও ব্যবহার করা হয়েছে যুদ্ধবিমান।
এ বিষয়ে ব্রিটেনের সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই অঞ্চলের লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ এবং সামরিক জাহাজে হামলা চালিয়ে ‘আন্তর্জাতিক আইন’ লঙ্ঘন করায় হুতি বিদ্রোহীদের সক্ষমতা হ্রাস করার উদ্দেশে এ যৌথ হামলা চালানো হয়েছে।
হুথি বিদ্রোহীদের আল-মাসিরাহ টিভি স্টেশন জানায়, একটি বিমান ঘাঁটি, বিমানবন্দর এবং একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানো হয়।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বিডেন বলেছেন, ‘লোহিত সাগরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজের উপর হুথিদের অভূতপূর্ব আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে এই হামলার নির্দেশ দিয়েছেন তিনি।’
তিনি আরও বলেন, প্রয়োজনে আরও সামরিক অভিযান চালানোর নির্দেশ দিতে সঙ্কোচবোধ করবেন না।
অন্যদিকে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, ‘আমাদের দেশ আমেরিকা এবং যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ, সাবমেরিন ও যুদ্ধবিমান দ্বারা ব্যাপক হামলার শিকার হয়েছে।”
তিনি আরও বলেন, ‘আমেরিকা এবং ব্রিটেনকে এর চরম মূল্য দিতে হবে এবং এই নির্লজ্জ আগ্রাসনের জন্য ভয়াবহ পরিণতি বহন করতে হবে।‘
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদে লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানো শুরু করে হুথি বিদ্রোহীরা। এতে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় বড় বড় কোম্পানিগুলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে