যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খতিয়ে দেখে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সই করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা খতিয়ে দেখে দেশের স্বার্থ বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তির শর্তগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। কোনটি দেশের পক্ষে বা বিপক্ষে—তা যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মার্কিন নতুন ট্যারিফ নীতি প্রসঙ্গে মন্ত্রী জানান, বিষয়টি এখনও পরিবর্তনশীল। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র সব দেশের জন্য ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত নথি পায়নি। আগে দেশভেদে সর্বোচ্চ ১৯ শতাংশ পর্যন্ত পারস্পরিক (রিসিপ্রোকাল) শুল্ক ছিল বলেও উল্লেখ করেন তিনি। প্রস্তাবিত ১৫ শতাংশ হারটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রী বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল আখ্যা দিয়ে বলেন, আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপনীয়তা চুক্তি (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) ছিল। বর্তমান পরিস্থিতি এখনও চূড়ান্ত না হওয়ায় জাতীয় স্বার্থে আগাম মন্তব্য করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে অতি মন্তব্যের জন্য চাপ না দেওয়ার অনুরোধ জানান সাংবাদিকদের প্রতি।
দেশের বাজার পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল রয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে আমদানি করা পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে আছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
লেবুর দাম হঠাৎ বেড়ে যাওয়ার উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, ৪০-৫০ টাকার লেবু অল্প সময়ের জন্য ১২০ টাকায় বিক্রি হওয়ার পেছনে কোনো যৌক্তিক কারণ বা সরবরাহ সংকট ছিল না। কয়েক দিনের মধ্যে দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় বিষয়টি স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বাজারে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শুধু আশ্বাস নয়—কার্যকর পদক্ষেপের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ করা হবে।
সম্প্রতি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রির সময় হুড়োহুড়িতে দুই নারী পড়ে যাওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পণ্য বিতরণ ব্যবস্থায় আরও শৃঙ্খলা আনা হবে এবং সংশ্লিষ্ট ডিলারদের সতর্ক করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে