Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, সমঝোতায় যেতে চায় সরকার: ডা. জাহেদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিলের পথে না গিয়ে বরং আলোচনা ও সমঝোতার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনের দিকে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, চুক্তিতে ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিলের সুযোগ থাকলেও সরকার আপাতত সেই পথে না গিয়ে চুক্তির শর্তগুলো পুনর্বিবেচনা ও সংশোধনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

সরকারের এই উপদেষ্টা বলেন, চুক্তির সম্ভাব্য ঝুঁকি, সীমাবদ্ধতা এবং প্রভাব নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও বিশেষজ্ঞ মহলে আলোচনা চলছে, যা সরকারও পর্যবেক্ষণ করছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে এবং রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

ড. জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্ক, শুল্কনীতি এবং কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হয়। তাই হঠাৎ করে চুক্তি বাতিল করলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, সরকার এমন ধারা চিহ্নিত করতে চায়, যেগুলো দেশের স্বার্থের পরিপন্থি বা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা হবে।

তিনি আরও বলেন, সব আন্তর্জাতিক চুক্তি এক ধরনের নয়—কিছু চুক্তি আইনগতভাবে বাধ্যতামূলক হওয়ায় সেগুলো বাতিল করা জটিল ও ক্ষতিকর হতে পারে, আবার কিছু চুক্তি তুলনামূলক সহজে পুনর্বিবেচনা করা সম্ভব।

সরকারের লক্ষ্য হচ্ছে অতীতের সব গুরুত্বপূর্ণ চুক্তি মূল্যায়ন করে রাষ্ট্রীয় ও জনস্বার্থ নিশ্চিত করা—এমনটাও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ