মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে আরো বড় আকারের যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র বাড়তি যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠাবে বলে গতকাল শুক্রবার (২ আগস্ট) জানিয়েছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যে ইরান ও তাদের সহযোগী হামাস ও হিজবুল্লাহ থেকে হুমকির পর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।
তেহরানে দুই দিন আগে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়া জানাতে ইরানের প্রতিশ্রুতির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মধ্যপ্রাচ্য এবং ইউরোপে মার্কিন নৌবাহিনীর অতিরিক্ত ক্রুজার এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে গুলি করতে পারা ডেস্ট্রয়ার পাঠানো অনুমোদন করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের একটি অতিরিক্ত স্কোয়াড্রনও পাঠাচ্ছে পেন্টাগন।
এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সমর্থন বাড়াতে এবং যুক্তরাষ্ট্র যে বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দেয়ার জন্য প্রস্তুত তা নিশ্চিত করতে অস্টিন মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। পেন্টাগন আরো জানায়, স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আরো বেশি সংখ্যায় মোতায়েন করা হবে।
গত ১৩ এপ্রিলের আগে ইরান যখন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ শুরু করেছিল সে সময় মার্কিন সামরিক বাহিনীও তাদের অবস্থান জোরদারের প্রস্তুতি নেয়। সে সময় যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সহায়তায় ইসরায়েল ইরানের প্রায় ৩০০টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের প্রায় সবকটিই সফলভাবে ধ্বংস করেছিল।
হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে ইরান এবং হামাস উভয়ই ইসরায়েলকে অভিযুক্ত করেছে এবং প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে