বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এই সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) গ্রহণের হার তুলনামূলকভাবে বেশি হওয়াকে এর একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত পর্যটক ও শিক্ষার্থীসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিভিন্ন দেশের অভিবাসীদের ওয়েলফেয়ার গ্রহণের পরিসংখ্যান প্রকাশ করেন। ওই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। সেখানে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪.৮ শতাংশ সরকারি সহায়তা গ্রহণ করে। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ—ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল—ও ওই তালিকায় ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে