মার্কিন বিশেষ দূতের কাছে নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের
রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি এবং ক্যাম্পের মানবিক অবস্থা সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবির পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার (৩১ জুলাই) তিনি উখিয়া সফরে এলে তার গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বদেশে ফেরার আকুতি জানান বাস্তুচ্যুত রোহিঙ্গারা।
সফরকালে বিশেষ দূতের সামনে শান্তিপূণভাবে প্ল্যাকার্ড প্রদর্শন করেন আশ্রিত রোহিঙ্গারা। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘You have your home! We miss our home!’ বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘আপনার নিজের বাড়ি আছে, আমরা আমাদের বাড়িকে মিস করি।’ এই প্ল্যাকার্ডের মাধ্যমে তারা মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জোর দাবি জানান।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি তুলে ধরেন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানান।
মিয়ানমারে নাগরিক অধিকার ও পূর্ণ নিরাপত্তার দাবি তুলে ধরে রোহিঙ্গা নেতা মো. জুবায়ের বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে ক্যাম্পে অনিশ্চিত জীবন কাটাচ্ছি। আমাদের একটাই চাওয়া- নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা আর শরণার্থী হয়ে জীবন কাটাতে চাই না।’
ক্যাম্প সংশ্লিষ্টরা জানায়, আশ্রয়শিবির পরিদর্শনকালে সার্জিও গোর রোহিঙ্গাদের সার্বিক জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি সেখানে নিয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।
তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসা এই মার্কিন বিশেষ দূত রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা, মানবিক সহায়তা কার্যক্রম এবং টেকসই প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন দিক পর্যালোচনার অংশ হিসেবেই আজ উখিয়ার আশ্রয়শিবিরগুলো পরিদর্শনে যান।
মতামত দিন