বাংলাদেশ আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিদেশ সফর শেষে দেশে ফেরার সময়সূচির সঙ্গে সমন্বয় করেই সফরটি অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
পাঁচ মাস আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি হবে কোনো মার্কিন বিশেষ দূতের প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক সূত্রগুলোর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে মোংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতার পর যুক্তরাষ্ট্রের এই উচ্চপর্যায়ের সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
সফরে মূলত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, ইন্দো-প্যাসিফিক কৌশল, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ আরও জোরদার করার অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে।
সার্জিও গোরকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। তিনি ভারতের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিউইয়র্ক সফরে রয়েছেন। জাতিসংঘ ও আসিয়ান রিজিওনাল ফোরামের কর্মসূচি এবং মালদ্বীপ সফর শেষে আগামী ২৮ জুলাই দেশে ফেরার কথা রয়েছে। এরপরই সার্জিও গোরের ঢাকা সফর অনুষ্ঠিত হতে পারে।
মতামত দিন