Views Bangladesh Logo

তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

শিক্ষা ও শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ-এর সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সফরে আগামী শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

সফরকালে তিনি দেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের অধীনে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কর্মসূচির মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করা।

তিন দিনের এই সফরে হার্ডার সরকারি কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করবেন। দুই দেশের যৌথ উদ্যোগে কীভাবে বাংলাদেশের শিশুদের জন্য আরও নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ তৈরি করা যায়, সেটিই থাকবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

সফরের অংশ হিসেবে শিক্ষা, শিশুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন এবং শিশু অধিকার বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।

ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, সফরকালে তিনি সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

চার্লস জে. হার্ডার বর্তমানে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দফতর বিশ্বজুড়ে শিশুদের সুরক্ষা ও উন্নয়নে কাজ করে, যেখানে খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে গুরুত্ব দেওয়া হয়।

তিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে আইন পেশার সঙ্গে যুক্ত এবং ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ