অর্থ পাচার মোকাবিলায় বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে মার্কিন সিক্রেট সার্ভিস
অর্থ পাচার রোধে এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ৬টি বাংলাদেশি সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।
সংস্থাগুলো হলো-বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুর্নীতি দমন কমিশন (দুদক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অপরাধ তদন্ত বিভাগসহ বাংলাদেশ পুলিশের ৪টি ইউনিট। এসব সংস্থার প্রায় ৬০ জন কর্মকর্তাকে দুই ধাপে এই প্রশিক্ষণ দেয়া হবে। এর মধ্যে রয়েছেন বিএফআইইউ’র ২০ জন কর্মকর্তাও।
কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার জন্য শিগগিরই বাংলাদেশে আসবে মার্কিন সিক্রেট সার্ভিসের একটি প্রতিনিধি দল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম ধাপে আগামী ১০ নভেম্বর থেকে রাজধানীর পুলিশ স্টাফ কলেজে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এরপর ১৭ নভেম্বর থেকে চলবে আরও পাঁচ দিনের প্রশিক্ষণ পর্ব।
দ্বিতীয় ধাপে থাকবে আরও দুটি ফলোআপ প্রশিক্ষণ। যার মধ্যে একটি আগামী বছরের ২ ফেব্রুয়ারি এবং অপরটি ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে অর্থ পাচার ঠেকাতে সক্রিয় হয়ে উঠেছে দায়িত্বপ্রাপ্ত সব সংস্থাগুলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে