Views Bangladesh Logo

৪৩ দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর বিভিন্ন মাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা একটি খসড়া তালিকা তৈরি করেছেন, তবে চূড়ান্ত প্রস্তাবনায় কিছু পরিবর্তন আসতে পারে।

প্রস্তাবিত নিষেধাজ্ঞার আওতায় দেশগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের দেশগুলোর জন্য সম্পূর্ণ ভ্রমণ নিষিদ্ধ (রেড তালিকা), দ্বিতীয় ভাগের (কমলা তালিকা) দেশগুলোর জন্য নতুন ভিসা প্রদান বন্ধ থাকবে, আর তৃতীয় ভাগের (হলুদ তালিকা) দেশগুলোকে ৬০ দিনের সময় দেওয়া হবে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনের জন্য।

খসড়া তালিকা অনুযায়ী, ১১টি দেশকে ‘রেড তালিকায়’ রাখা হয়েছে, যার ফলে এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না। দেশগুলো হলো— আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

১০টি দেশকে ‘কমলা তালিকায়’ রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে— বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান। এসব দেশের নাগরিকদের জন্য ভিসা পেতে কড়াকড়ি আরোপ করা হবে, তবে ভিসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে না।

এছাড়া, ২২টি দেশকে ‘হলুদ তালিকায়’ রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে— অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সাও তোমে ও প্রিন্সিপে, ভানুয়াতু ও জিম্বাবুয়ে।

প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন দুটি নিষেধাজ্ঞা কার্যকর করতে চাইলে আদালত সেগুলো স্থগিত করেছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্ট পুনর্লিখিত নিষেধাজ্ঞার অনুমোদন দেয়। নতুন এ নিষেধাজ্ঞা আগের চেয়ে আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ