তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রেক্ষাপটে তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট (প্রশান্ত মহাসাগরীয় নৌবহর) কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। সফরে তিনি ২২ সদস্যের একটি উচ্চপর্যায়ের নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সামরিক কর্মকর্তার আগমনকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের নতুন অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের সামরিক ও বেসামরিক নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকগুলোতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সামুদ্রিক নিরাপত্তা, নৌ-সীমা সুরক্ষা, যৌথ প্রশিক্ষণ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূকৌশলগত গুরুত্ব এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবেই ওয়াশিংটন এই ধরনের উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ বাড়াচ্ছে।
দীর্ঘ সামরিক জীবনে অ্যাডমিরাল স্টিফেন কোহলার মার্কিন নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইউএসএস কার্ল ভিনসন-এর এক্সিকিউটিভ অফিসার এবং ফাইটার স্কোয়াড্রন ১৪৩, ইউএসএস বাতান ও বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার-এর কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম এবং ইনহেরেন্ট রিজলভসহ যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নেন। বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়ায় আন্তর্জাতিক যৌথ অভিযানেও তিনি দায়িত্ব পালন করেছেন।
মানবিক সহায়তা কার্যক্রমেও তার অভিজ্ঞতা রয়েছে। হাইতির ভয়াবহ ভূমিকম্পের পর পরিচালিত অপারেশন ইউনিফাইড রেসপন্স-এ তিনি নেতৃত্ব দেন। পাশাপাশি পূর্ব ও দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ নৌ অভিযানেরও দায়িত্ব পালন করেন।
ফ্ল্যাগ অফিসার হিসেবে তিনি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশনস ডিরেক্টর, ইউএস থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৪ এপ্রিল অ্যাডমিরাল স্টিফেন কোহলার আনুষ্ঠানিকভাবে মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন। তার এই ঢাকা সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন