Views Bangladesh Logo

মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না রূপপুরে: তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারসংক্রান্ত চুক্তির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন পারমাণবিক চুক্তির কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমি মনে করি না পড়বে।’

তিনি বলেন, বাংলাদেশ মাত্র পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় পারমাণবিক বিদ্যুৎ নিয়ে বিভিন্ন বিকল্প খোলা রাখা প্রয়োজন। বাংলাদেশ ভবিষ্যতে আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করবে কি না, সেই সম্ভাবনাও এখনই বন্ধ করে দেওয়ার মতো নয়।

তথ্য উপদেষ্টা বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে শুধু কেন্দ্র নির্মাণই বিষয় নয়। জ্বালানি সরবরাহ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট জনবলের প্রশিক্ষণসহ আরও অনেক বিষয় একসঙ্গে বিবেচনা করতে হয়। এসব ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি ও সহযোগিতা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ শুরু থেকেই বিভিন্ন দেশের সঙ্গে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সংকট ও সমস্যা থাকলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

জাতীয় স্বার্থে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সম্পৃক্ততা বজায় থাকবে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, চীন, ভারত, রাশিয়া ও তুরস্কসহ যে দেশের সঙ্গে প্রয়োজন, বাংলাদেশের সেই দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা থাকবে। এ নিয়ে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিয়ে জটিলতার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

তবে ইউরেনিয়াম আসবে এবং এতে দেরি হবে না—এমন তথ্য তিনি জানেন বলে জানান। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করে অন্য কোনো পথে ইউরেনিয়াম আসবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলার মতো কিছু নেই বলে উল্লেখ করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ