গাজায় গণহত্যার মতো কর্মকাণ্ড দেখছে না যুক্তরাষ্ট্র
বিগত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবার (৩ জানুয়ারি) পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ২২ হাজার ৩১৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরপরও যুক্তরাষ্ট বলছে, গাজায় গণহত্যার মতো কোনো কর্মকাণ্ড দেখছে না তারা।
জাতিসংঘের সর্বোচ্চ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ‘গণহত্যার মামলা’ বিষয়ে বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “এ ধরনের অভিযোগ হালকাভাবে নেওয়া উচিত নয়। সেখানে গণহত্যা চালানো হয়েছে এমন কোনো কার্যক্রম আমরা দেখছি না।”
১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল- জরুরি ভিত্তিতে এমন ঘোষণা দিতে আইসিজেকে মঙ্গলবার অনুরোধ করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার অনুরোধে আদালত আগামী ১১ ও ১২ জানুয়ারি গণশুনানির সময় নির্ধারণ করেছে।
ইসরায়েল বলছে, তাদের এই অভিযোগ নিজেদেরকে রক্ষা করবে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান হামলায় গাজা ভূখণ্ডের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ফলে গাজার ২৩ লাখ বাসিন্দা মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে