Views Bangladesh Logo

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে অনাগ্রহী যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৯ শতাংশে নামিয়ে আনা একটি বড় অর্জন বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ চুক্তির ফলে মোট রপ্তানির প্রায় ৯০ শতাংশ পণ্যে বাংলাদেশ শূন্য শুল্ক সুবিধা পাবে। এমন চুক্তি পৃথিবীর আর কোনো দেশ করতে পেরেছে কি না, তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বাণিজ্যিকভাবে লাভবান হবে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর এক লাখ কোটি টাকার বেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়, যার ৮৬ শতাংশই তৈরি পোশাক। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, যা বাণিজ্যের জন্য একটি বড় অর্জন।

চুক্তির বিষয়ে তিনি আরও বলেন, শুল্ক চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক, টেক্সটাইল ও সুতা রপ্তানি বাড়বে। তবে নির্বাচিত সরকার চাইলে এই শুল্ক চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে—এমন ধারা চুক্তিতে যুক্ত করা হয়েছে।

রমজানে পণ্যমূল্য ও মূল্যস্ফীতি প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, রমজানের বাজারদর দিয়েই জনগণ সরকারের কাজের মূল্যায়ন করবে। মূল্যস্ফীতি সামগ্রিকভাবে কমছে এবং এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ভোজ্যতেলের দাম কমাতে ও নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে পারে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশনায় এস আলমসহ কয়েকটি প্রতিষ্ঠান নিত্যপণ্যের বাজার জিম্মি করে রেখেছিল।

এ সময় তিনি দাবি করেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার যৌথভাবে ব্যবস্থা নিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ