হুথি বিদ্রোহীদের ওপর ফের মার্কিন হামলা, হুঁশিয়ারি বাইডেনের
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে হুঁশিয়ারি বার্তায় মার্কন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত মার্কিন হামলা চলতে থাকবে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে চালানো সর্বশেষ হামলায় দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যে সময় তারা বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ব্যস্ততম এই নৌপথে গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন আরও বলেন, পশ্চিমা দেশগুলো এখনও আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে হুথিদের আক্রমণ চালানো প্রতিরোধে সফল হয়নি।
সর্বশেষ হামলার বিষয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা আজ আবারও হামলা চালিয়েছি। কয়েকটি অ্যান্টি-শিপ মিসাইল ছোড়া হয়েছে। আমাদের বিশ্বাস ছিল দক্ষিণ লোহিত সাগরে আসন্ন আক্রমণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল।
এর আগেও গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদে লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজে আক্রমণ করার প্রতিবাদে গত ১১ জানুয়ারি ইয়েমেনে হুথিদের ব্যবহৃত কয়েকটি স্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনারা হামলা চালায়।
সেই সময় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের ১৬টি জায়গায় হুথি বিদ্রোহীদের ৬০টি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে দুই দেশের সেনারা। হামলা চলাকালীন যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে তোমাহোক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ছাড়াও ব্যবহার করা হয়েছে যুদ্ধবিমান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে