Views Bangladesh Logo

ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আসন্ন ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে । উৎসবকালীন সময়ে অতিরিক্ত জনসমাগম, তীব্র যানজট এবং দীর্ঘ সরকারি ছুটির কারণে স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত হতে পারে—এমন আশঙ্কা থেকে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বার্তায় এ ভ্রমণ সতর্কতা জারি করা হয়।

বার্তায় উল্লেখ করা হয়, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটিও রয়েছে। দীর্ঘ এই ছুটির প্রভাবে ২৬ মার্চ পর্যন্ত অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে এবং কিছু জরুরি পরিষেবাও সীমিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এতে আরও বলা হয়, জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে এ সময় ব্যাপক জনসমাগম ও যানজটের সৃষ্টি হতে পারে, যা স্বাভাবিক ভ্রমণ কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। তাই সম্ভাব্য ভোগান্তি বিবেচনায় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন জ্বালানি ক্রয়ের ওপর সীমা নির্ধারণ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ছুটির সময় বাড়ানো। এসব কারণে দৈনন্দিন যাতায়াত ও সেবা গ্রহণে কিছুটা অসুবিধা হতে পারে।

এছাড়া ভ্রমণকারীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অনেক দেশে প্রবেশের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হয়। যাদের পাসপোর্টের মেয়াদ শিগগির শেষ হতে চলেছে, তাদের দ্রুত নবায়ন করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ