Views Bangladesh Logo

রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ছাড় পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জন্য ৬০ দিনের ছাড় দিয়েছে। বিদ্যমান নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ছাড় বহাল থাকবে ১১ এপ্রিল থেকে আগামী ৯ জুন পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন।

এর আগে ১২ মার্চ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য লেনদেনের জন্য ৩০ দিনের ছাড় দিয়েছিল, যা ১১ এপ্রিল শেষ হয়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বাংলাদেশ বিকল্প উৎস হিসেবে রাশিয়ার দিকে নজর দেয়। তবে নিষেধাজ্ঞার কারণে প্রক্রিয়া জটিল হয়ে ওঠায় ঢাকা আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের কাছে ছাড়ের আবেদন করে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। গত বুধবারের (১৫ এপ্রিল) ওই বৈঠকে রাশিয়া থেকে জ্বালানি সরবরাহসহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এর আগে ৩১ মার্চ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক সরবরাহ বিঘ্নের কারণে দেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা চান।

আলোচনায় রাশিয়ার অপরিশোধিত তেল ব্যবহার করে দেশে পরিশোধিত জ্বালানি আমদানির সম্ভাবনাও উঠে আসে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ