Views Bangladesh Logo

বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বজুড়ে শান্তিপূর্ণ আন্দোলন-বিক্ষোভকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশে হামলা ও পরবর্তী সময়ে নারী, সংখ্যালঘু এবং সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় এই উদ্বেগ জানানো হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারসহ বিশ্বের সব দেশের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছি যে, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে। কোনো সরকারই শান্তিপূর্ণ প্রতিবাদে সহিংস দমন নীতি গ্রহণ করতে পারে না।’

এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে সমালোচনা চলছে। সমালোচকদের দাবি, ৫ আগস্টের ছাত্রনেতৃত্বাধীন ‘মনসুন বিপ্লব’র পরবর্তী পরিস্থিতি দেশকে তার অতীতের অশান্ত সময়ের দিকে ফিরিয়ে নিয়েছে।

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান হামলার মাঝে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দেয়ার পক্ষে মত দিয়েছেন বলে এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাই এবং পরে এ বিষয়ে মন্তব্য করব।’

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, মৌলিক অধিকার নিশ্চিত করা, স্বাধীন গণমাধ্যম এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ