পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
সূত্র আরও জানায়, পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক প্রায় দেড় ঘণ্টা ধরে চলে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমার একটি চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।
ঢাকায় আসার পর পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে এটিই ব্রেন্ট ক্রিসটেনসনের প্রথম বৈঠক। তিনি গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে