Views Bangladesh Logo

মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রে অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করলে ভবিষ্যতে দেশটির ভিসাপ্রাপ্তি ও ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মার্কিন ভিসা সম্পর্কিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের সময় সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তা অবস্থানের মেয়াদ ও শর্ত নির্ধারণ করেন। নির্ধারিত সময়ের বেশি থাকা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কর্মকাণ্ডে যুক্ত হলে ভবিষ্যতে ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

এতে আরও বলা হয়, অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান কিংবা ভিসার ক্যাটাগরি ও শর্তবহির্ভূত কোনো কাজের সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হতে পারে। অর্জিত ভিসার সঠিক এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব ভিসা আবেদনকারীই।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, অনুমোদিত সময় শেষ হওয়ার পর প্রয়োজনীয় অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তা ‘আনলফুল প্রেজেন্স’ হিসেবে বিবেচিত হতে পারে। ১৮০ দিন বা তার বেশি কিন্তু এক বছরের কম সময় অবৈধভাবে অবস্থানের পর যুক্তরাষ্ট্র ছাড়লে সাধারণত তিন বছরের নিষেধাজ্ঞা এবং এক বছর বা তার বেশি সময় অবস্থানের ক্ষেত্রে ১০ বছরের নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ