মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাস
ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি অর্থায়নে পরিচালিত চিকিৎসাসেবা বা অন্যান্য জনকল্যাণমূলক সুবিধা গ্রহণ করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের অযোগ্য হতে পারেন বিদেশি নাগরিকেরা। এ বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (৭ নভেম্বর) নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সরকারি সহায়তা নিয়ে চিকিৎসার ব্যয় মেটানো ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের সুবিধার অপব্যবহার কিংবা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের যোগ্যতা হারানোর ঝুঁকি রয়েছে।
মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী, বিদেশি দর্শনার্থীদের নিজেদের ভ্রমণ ও চিকিৎসাসহ যাবতীয় ব্যয় বহনের আর্থিক সক্ষমতা থাকতে হবে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহারের ক্ষেত্রে ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার মতো পরিণতি হতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে চিকিৎসার সম্ভাব্য ব্যয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের খরচ এবং যাতায়াত ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ দিতে হতে পারে। এ জন্য চিকিৎসকের প্রতিবেদন, মার্কিন হাসপাতালের চিকিৎসা পরিকল্পনা ও ব্যয়ের হিসাব এবং আর্থিক সামর্থ্যের নথি চাওয়া হতে পারে।
তবে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকলে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের ভিসার আবেদন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে যাচাই করেন।
মতামত দিন