মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল, সতর্ক করল দূতাবাস
যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এসব অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণামূলক যোগাযোগের চেষ্টা হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে কেউ ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করলে সেসব অ্যাকাউন্টের বিষয়ে সতর্ক থাকতে হবে। দূতাবাসের কর্মীরা অনলাইনে কারও কাছে কখনো অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চান না।
দূতাবাস আরও জানিয়েছে, কেউ যদি মার্কিন কূটনীতিকের পরিচয়ে যোগাযোগ করে অর্থ বা ব্যক্তিগত তথ্য চায়, তাহলে কোনোভাবেই তাতে সাড়া দেওয়া উচিত নয়। একই সঙ্গে এমন ব্যক্তির কাছে কোনো অর্থ পাঠাতেও নিষেধ করা হয়েছে।
সাধারণ মানুষকে ভুয়া পরিচয়ে পরিচালিত এসব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। পাশাপাশি অনলাইনে অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন