ঢাকাসহ চার শহরে শুরু হচ্ছে ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ নামে একটি সাত দিনব্যাপী উদযাপনের ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ সপ্তাহব্যাপী কর্মসূচি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এ যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরতে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ফ্রিডম ২৫০’ কনসার্টে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড মাউকা ব্রাস-এর পরিবেশনা, ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমেরিকান ফেয়ার’ এবং সিলেটে ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনীর উদ্বোধন।
এ ছাড়া সপ্তাহজুড়ে চারটি শহরে আরও নানা সাংস্কৃতিক ও জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এসব অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন।
মতামত দিন