যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
রোববার (১৯ জুলাই) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কমতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ভিসা ফি ফেরত দেওয়া হবে না।
সম্প্রতি ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, এক দিনের পরিবর্তে দুই দিনের ভিসা প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এ ছাড়া ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীর নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, আবেদনকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য গোপন করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্যতার পরিস্থিতি তৈরি হতে পারে।
মতামত দিন