যুক্তরাষ্ট্রের মেডিক্যাল ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল মার্কিন দূতাবাস
চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বি-২ মেডিক্যাল ভিসা আবেদনে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের চিকিৎসার প্রয়োজনীয়তা, সম্ভাব্য ব্যয় এবং পুরো চিকিৎসা প্রক্রিয়ার অর্থ বহনের সক্ষমতার প্রমাণপত্র জমা দিতে হবে।
শনিবার (২৫ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, প্রতিটি মেডিক্যাল ভিসা আবেদন কনস্যুলার কর্মকর্তারা পৃথকভাবে যাচাই করেন। আবেদনকারী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসা ও সংশ্লিষ্ট সব ব্যয় নিজেই বহন করতে পারবেন কি না, তা নিশ্চিত করাই এ যাচাইয়ের মূল উদ্দেশ্য। এতে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক দায় বর্তাবে না।
নতুন নির্দেশনা অনুযায়ী, মেডিক্যাল ভিসার আবেদনপত্রের সঙ্গে অবশ্যই চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। সেই সঙ্গে কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তার বিস্তারিত ব্যাখ্যাও দিতে হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক বা হাসপাতালের কাছ থেকে চিকিৎসা দিতে সম্মতির লিখিত নথি জমা দিতে হবে। ওই নথিতে চিকিৎসার সম্ভাব্য মেয়াদ এবং আনুমানিক ব্যয়ের বিবরণ উল্লেখ থাকতে হবে।
দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার ভ্রমণ ব্যয়, চিকিৎসা ব্যয় এবং অবস্থানকালীন আবাসন ও অন্যান্য খরচ বহনের আর্থিক সক্ষমতার নির্ভরযোগ্য প্রমাণও দাখিল করতে হবে।
মার্কিন দূতাবাসের ভাষ্য, প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ ও যথাযথভাবে জমা দিলে ভিসা আবেদন মূল্যায়ন প্রক্রিয়া আরও কার্যকর ও স্বচ্ছ হবে।
মতামত দিন