বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা আবেদনে নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণ, শিক্ষা, কর্মসংস্থান বা অন্যান্য উদ্দেশ্যে ভিসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখতে হবে।
শুক্রবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এর উদ্দেশ্য হলো ভিসা আবেদনকারীদের পরিচয় যাচাই এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা মূল্যায়নের প্রক্রিয়াকে আরও কার্যকর ও নির্ভুল করা।
নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), লিংকডইনসহ ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল এমনভাবে রাখতে হবে, যাতে ভিসা যাচাইকারী কর্মকর্তারা প্রয়োজনীয় তথ্য দেখতে পারেন। দূতাবাসের ভাষ্য, অনলাইন উপস্থিতি পর্যালোচনা বর্তমানে ভিসা যাচাই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।
নির্দেশনায় আরও বলা হয়, এ-৩ ও সি-৩ (আবেদনকারী গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
এ ছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং আর-১ ভিসাধারীদের ওপর নির্ভরশীল আর-২ ভিসা আবেদনকারীসহ এস, টি ও ইউ ভিসার জন্য আবেদনকারী সকল অনভিবাসী ভিসা প্রার্থীকেও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত রাখতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাসের ভাষ্য, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাইয়ের মাধ্যমে পরিচয় ও যোগ্যতা মূল্যায়ন প্রক্রিয়া আরও সহজ করা হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে আগ্রহীদের মার্কিন দূতাবাসের প্রকাশিত অফিসিয়াল তথ্যসূত্র পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও বলেছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সম্ভাব্য জটিলতা এড়াতে সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনকারীদের নতুন এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা উচিত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে