যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। ভ্রমণের সময় চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিসহ সম্ভাব্য সব ধরনের ব্যয় বহনের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভ্রমণকারীদের নিশ্চিত হতে হবে যে, ভ্রমণে কোনো অনাকাঙ্ক্ষিত বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে নিজের খরচ নিজেই বহন করার মতো আর্থিক সক্ষমতা তাদের রয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে তার গুরুতর ও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এ ধরনের সুবিধার অপব্যবহার ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা গ্রহণ কিংবা কর্মসংস্থানের সুযোগ পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি তাকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হিসেবেও বিবেচনা করা হতে পারে।
দূতাবাস ভ্রমণপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রয়োজনীয় আর্থিক প্রস্তুতি গ্রহণ এবং দেশটির ভিসা ও অভিবাসনসংক্রান্ত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।
মতামত দিন