ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। এই ভিসার অধীনে কী কী কার্যক্রম পরিচালনা করা যাবে না, তা স্পষ্ট করে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, বি১/বি২ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তানকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার উদ্দেশে ভ্রমণ করতে পারবেন না।
এ ছাড়া এই ভিসার শর্তানুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্থ উপার্জনমূলক কাজ করা এবং যেকোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক একাডেমিক ক্রেডিটের উদ্দেশ্যে পড়াশোনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। সেই বার্তায় বলা হয়েছিল, অনুমোদিত শর্তের বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, ধারাবাহিকভাবে ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষাকার্যক্রম ত্যাগ করলে মার্কিন স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।
সর্বশেষ এই বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের সকল কার্যক্রম ভিসার নির্ধারিত শর্তাবলীর মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য জোর তাগিদ দিয়েছে মার্কিন দূতাবাস।
মতামত দিন