ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘দ্য আর্ট অব দ্য ডিল: আমেরিকান এক্সেলেন্স ইন নেগোশিয়েশন স্কিলস’ শীর্ষক চার দিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) রাজধানীর হোটেল সিক্স সিজনসে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট জোয়ান মুনিস্টেরির সহায়তায় পরিচালিত এ প্রশিক্ষণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৬০ জন ‘অ্যাকসেস ইংলিশ’ কর্মসূচির সাবেক শিক্ষার্থী অংশ নেন।
চার দিনের এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আলোচনার দক্ষতা, নেতৃত্বগুণ এবং কার্যকর যোগাযোগ কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পাঠ্যক্রমে দ্য আর্ট অব ডিল-এ বর্ণিত আলোচনার নীতিমালার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন আলোচনাকৌশল ও নেতৃত্ব উন্নয়ন পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল।
সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে নেতৃত্ব ও পেশাগত ক্ষেত্রে এসব দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।
আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানের নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে