মার্কিন নির্বাচন: দোদুল্যমান রাজ্য ঘিরে ট্রাম্প-কমলার হাড্ডাহাড্ডি লড়াই
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক ঘণ্টা আগেও ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ পরিচালিত নতুন এক জরিপের ফলাফলও মঙ্গলবারের (৫ নভেম্বর) নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। জরিপে বলা হচ্ছে, সাতটি দোদুল্যমান রাজ্য এবারও চূড়ান্ত ফলাফলের প্রভাবকের অবস্থান ধরে রাখতে পারে। রাজ্যগুলো হলো- নেভাদা, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান ও অ্যারিজোনা।
জরিপে দেখা গেছে, নেভাদা রাজ্যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ৪৬ শতাংশ ভোটের তুলনায় কমলা হ্যারিসের নেতৃত্বে ডেমোক্রেটিক পার্টি ৪৯ শতাংশ ভোটে এগিয়ে। নর্থ ক্যারোলাইনায় কমলা হ্যারিস ৪৮ শতাংশ এবং ট্রাম্প ৪৬ শতাংশ ভোট পেয়ে দুই পয়েন্ট পিছিয়ে। উইসকনসিনে কমলা হ্যারিস ৪৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে এবং ট্রাম্প ৪৭ শতাংশ ভোটে পিছিয়ে রয়েছেন।
জর্জিয়ার ভোটাররা সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন, যেখানে ৪৮ শতাংশ সমর্থন পাওয়া হ্যারিসকে ট্রাম্পের ৪৭ শতাংশ ভোট থেকে এক পয়েন্টের সামান্য ব্যবধানে এগিয়ে রেখেছে। পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের পক্ষে ৪৮ শতাংশ ভোট পড়েছে। এমনকি মিশিগানেও জনমত জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে ৪৭ শতাংশ ভোট রয়েছে। তবে অ্যারিজোনায় ট্রাম্প ৪৯ শতাংশ ভোট পেয়ে হ্যারিসের ৪৫ শতাংশ ভোটের চেয়ে সুষ্পষ্ট অবস্থানে এগিয়ে।
নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজের ভোটে নেভাদায় ১ হাজার ১০ জন, উইসকনসিনে ১ হাজার ৩০৫ জন, নর্থ ক্যারোলাইনায় ১ হাজার ১০ জন, জর্জিয়ায় ১ হাজার ৪ জন, পেনসিলভানিয়ায় ১ হাজার ৫২৭ জন, মিশিগানে ৯৯৮ জন এবং অ্যারিজোনায় ১ হাজার ২৫ জন ভোটার অংশ নেন।
এদিকে, নিউইয়র্ক টাইমসের রোববারের (৩ নভেম্বর) জাতীয় জরিপের গড় অনুসারে কমলা হ্যারিস ৪৯ শতাংশ ভোট পেয়ে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছেন। জয়ী হয়ে হোয়াইট হাউসে যেতে যে কোনো দলেরই ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে