ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘পাবলিক’ রাখার নির্দেশ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে অ-অভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের গোপনীয়তা (প্রাইভেসি) সেটিংস ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। উন্নত যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ জুন) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে নির্দিষ্ট কয়েকটি নন-ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের জন্য এ নিয়ম কার্যকর হয়েছে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে এ-৩, সি-৩ (গৃহকর্মী), জি-৫, এইচ-৩ ও তাদের নির্ভরশীল (এইচ-৪), কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসা।
নতুন নির্দেশনা অনুযায়ী, এসব ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইল এমনভাবে রাখতে হবে, যাতে তা প্রকাশ্যভাবে (পাবলিক) দেখা যায়।
দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের পরিচয় যাচাই এবং ভিসার যোগ্যতা মূল্যায়নের প্রক্রিয়া আরও কার্যকর করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নিরাপত্তা যাচাই জোরদার করার পাশাপাশি ভিসা আবেদন মূল্যায়ন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য পর্যালোচনা আবেদনকারীর পরিচয় ও পটভূমি যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভিসা প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে