Views Bangladesh Logo

ফেসবুক লাইভ চলাকালীন মার্কিন কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মার্কিন কনটেন্ট ক্রিয়েটর জন ডেভিস ফেসবুক লাইভ সম্প্রচারের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জেলিকো এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, ওই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লাইভ সেশন পরিচালনা করছিলেন জন ডেভিস। লাইভ চলাকালীন হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জরুরি সেবা সংস্থাকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তাদের পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে বলে নিশ্চিত করা হয়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্বাসকষ্টজনিত সমস্যার অভিযোগে একটি জরুরি কল পাওয়ার পর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা জন ডেভিসকে মৃত অবস্থায় পান।

ঘটনার পর সম্মান ও গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে তার শেষ লাইভ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে মৃত্যুর একদিন আগে মায়ের সঙ্গে ধারণ করা একটি ভিডিও এখনও তার অফিসিয়াল পেজে রয়েছে। ওই ভিডিওতে মা-ছেলেকে একসঙ্গে রান্না করতে দেখা যায়।

জন ডেভিস মূলত ‘কফি টাইম উইথ জন অ্যান্ড মম্মা’ নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার মা ফ্রান্সেস ডেভিসকে নিয়ে তৈরি করা পারিবারিক ও বিনোদনধর্মী কনটেন্ট দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

সহজ-সরল উপস্থাপনা, পারিবারিক বন্ধন এবং আন্তরিক কনটেন্টের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল একটি অনুসারী গোষ্ঠী গড়ে তুলেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে ভক্ত-অনুরাগী এবং সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ