গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ ও জালিয়াতির মামলা
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দুটি মামলা হয়েছে।
ঘুষ দিয়ে উপমহাদেশে তার কোম্পানির বিশাল সৌরশক্তি প্রকল্প নেয়া এবং সেটি গোপন করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছে ৬২ বছরের গৌতম আদানির বিরুদ্ধে।
বুধবার (২০ নভেম্বর) করা মামলায় বলা হয়, আদানির গ্রিন এনার্জি লিমিটেড এবং অন্য ফার্মের জন্য ভারত সরকারের কাছে ১২ গিগাওয়াট সৌরবিদ্যুৎ বিক্রির লাভজনক প্রকল্পের চুক্তি করতে ঘুষ দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নেয়া হয়।
ব্রুকলিনের ফেডারেল আদালতে মামলা দুটির অভিযোগে আরও বলা হয়েছে, আদানি এবং তার সহ-আসামিরা চুক্তিতে দুপক্ষেরই ভূমিকা পালন করেন।
ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের কাছে এসব তথ্য গোপন করেন আদানি, যারা গত পাঁচ বছরে এই প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার দিয়েছেন।
একটি সিভিল মামলায় আদানি এবং দুই সহ-আসামিকে মার্কিন সিকিউরিটিজ আইনের প্রতারণাবিরোধী বিধান লঙ্ঘনে অভিযুক্ত করেছে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আদানির বিরুদ্ধে আর্থিক জরিমানা এবং অন্য নিষেধাজ্ঞা চাইছে নিয়ন্ত্রক সংস্থাটি।
ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, আদানি এবং তার সহ-আসামিরা দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের খরচে রাষ্ট্রীয় শক্তি সরবরাহের বিশাল চুক্তি পেতে এবং অর্থায়ন করতে চেয়েছিলেন।
ইউএস অ্যাটর্নি ব্রিয়ান পিস বলেছেন, আসামিরা 'একটি বিস্তৃত স্কিম সাজিয়েছেন এবং 'আমাদের আর্থিক বাজারের অখণ্ডতার মূল্যে নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা চালিয়েছেন'।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে