‘রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে’ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলারের সহায়তা বাতিল যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের ‘রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে’ বরাদ্দ হওয়া ২৯ মিলিয়ন ডলারের সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বড় ধরনের আর্থিক সহায়তা বাতিলের এই তালিকায় রয়েছে ভারতসহ আরও অনেক দেশও।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) জানিয়েছে, ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচি ছাড়াও বাতিল হয়েছে মোজাম্বিকে পুরুষদের খতনায় স্বেচ্ছাসেবী চিকিৎসা প্রকল্পে ১০ মিলিয়ন, কম্বোডিয়ায় যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য ইউসি বার্কলির ৯.৭ মিলিয়ন, বাক্স্বাধীনতা শক্তিশালীকরণ প্রকল্পে ২.৩ মিলিয়ন, প্রাগ সিভিল সোসাইটি সেন্টার তৈরিতে ৩২ মিলিয়ন ও লিঙ্গ সমতা-নারীর ক্ষমতায়ন হাব প্রতিষ্ঠায় ৪০ মিলিয়ন, সার্বিয়ায় সরকারি ক্রয় প্রক্রিয়া উন্নয়ন প্রকল্পে ১৪ মিলিয়ন, নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালীকরণ কনসোর্টিয়ামে ৪৮৬ মিলিয়ন ডলারের মধ্যে মলডোভায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রকল্পে ২২ মিলিয়ন ডলার, নেপালে অর্থনীতির কেন্দ্রীকরণে ২০ মিলিয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে ১৯ মিলিয়ন এবং মালিতে ১৪ মিলিয়ন ডলারের সহায়তা।
বাতিল হয়েছে লাইবেরিয়ায় ভোটার আস্থা বৃদ্ধি প্রকল্পে ১.৫ মিলিয়ন, মালিতে সামাজিক সংহতি প্রকল্পে ১৪ মিলিয়ন, দক্ষিণ আফ্রিকায় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় ২.৫ মিলিয়ন, এশিয়ায় শিক্ষার ফলাফল উন্নয়নে ৪৭ মিলিয়ন এবং কসোভোর রোমা, আশকালি ও মিশরে সামাজিক-অর্থনৈতিক সংহতি বৃদ্ধি, টেকসই পুনর্ব্যবহার মডেল উন্নয়ন প্রকল্পে ২ মিলিয়ন ডলারের সহায়তাও।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স- এর পোস্টে মার্কিন নতুন বিভাগ ডিওজিই জানায়, ‘মার্কিন করদাতাদের ডলার বিভিন্ন দেশের যেসব প্রকল্পে ব্যয় করা হবে, তার সবগুলো বাতিল করা হয়েছে’।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনেও বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ভারত-বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশকে বরাদ্দকৃত মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিলসহ আন্তর্জাতিক সাহায্যে উল্লেখযোগ্য কাটছাঁট বাস্তবায়ন করছে দেশটি।
গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেন ট্রাম্প। প্রথমদিনেই শতাধিক নির্বাহী আদেশে সই করে একপ্রকার ঝড় তোলেন।
২৫ জানুয়ারি বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে।
ফাঁস হওয়া নথির বরাত দিয়ে বিবিসি জানায়, আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা খতিয়েও দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে