Views Bangladesh Logo

দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ানের ডাওকে সঙ্গে নিয়ে তিনি কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি ঘুরে দেখেন।

মন্দিরে পৌঁছানোর পর আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও ফুল দিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে ব্রেন্ট ক্রিস্টেনসেন মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন।

পরিদর্শনের সময় মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা কান্তনগর মন্দিরের নির্মাণ ইতিহাস, স্থাপত্যশৈলী এবং এর সঙ্গে জড়িয়ে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে তাকে অবহিত করেন। মন্দিরের দেয়ালে থাকা টেরাকোটার সূক্ষ্ম ও নান্দনিক কারুকাজ দেখে তিনি প্রশংসা করেন।

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক কান্তনগর মন্দির বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি। অষ্টাদশ শতকে নির্মিত এই মন্দিরটি বিশেষভাবে পরিচিত এর অসাধারণ টেরাকোটা অলংকরণের জন্য। স্থাপনাটির স্থাপত্য ও কারুকাজ দেখতে প্রতিবছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক, দর্শনার্থী ও গবেষক দিনাজপুরে আসেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ